দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলের জ্বালানি ও শিল্প স্থাপনায় আঘাত হানার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের ধারাবাহিক হামলার মধ্যেই নতুন করে এসব হামলার তথ্য সামনে এলো।
রোববার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সারাতভ অঞ্চলের গভর্নর রোমান বুসারগিন জানান, রাতভর চালানো হামলায় ওই অঞ্চলের ‘বেসামরিক অবকাঠামো’ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভলগা নদীর তীরবর্তী সারাতভ অঞ্চলে একাধিক তেল শোধনাগার রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এলাকাটি ইউক্রেনের নিয়মিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতের অভিযানে সারাতভ তেল শোধনাগারে হামলা চালিয়েছে। তবে রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার রুশ অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।
মস্কোর উত্তর-পূর্বে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দূরের কিরভ অঞ্চলের গভর্নর আলেক্সান্দার সকোলোভ জানান, উরঝুমস্কি জেলায় একটি স্থাপনায় ড্রোন আঘাত হেনেছে। ইউক্রেনের সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা ওই অঞ্চলের লাজারেভো তেল পাম্পিং স্টেশনেও আঘাত করেছে।
ইউক্রেন সীমান্তবর্তী রোস্তভ, ভরোনেঝ ও বেলগোরোদ অঞ্চলের গভর্নররাও হামলার খবর দিয়েছেন। বেলগোরোদে তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে মস্কোপন্থি গভর্নর সের্গেই আকসিওনভ জানান, জ্বালানি বিক্রিতে কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তবে তিনি এর কারণ উল্লেখ করেননি। কয়েক মাস ধরেই ক্রিমিয়ার কাছাকাছি দক্ষিণ-পশ্চিম রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইউক্রেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জার্মানি থেকে নতুন একটি আইরিস-টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা পেয়েছে ইউক্রেন। একই সঙ্গে তিনি মিত্র দেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ সরবরাহের আহ্বান জানিয়েছেন।
টেলিগ্রামে জেলেনস্কি বলেন, ‘রুশ হামলা প্রতিহত করার সক্ষমতা ধরে রাখতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ক্ষেপণাস্ত্র প্রয়োজন।’
/অ